| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, দুশ্চিন্তায় কৃষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:০৪:৪৮:অপরাহ্ন  |  ২০২ বার পঠিত
অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, দুশ্চিন্তায় কৃষক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধির: ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিচু জমির ধানখেত। কোথাও কাটা আমন ধান পানিতে ভাসছে, আবার কোথাও পাকা ধানগাছ নুয়ে পড়েছে মাটিতে। একই সঙ্গে আগাম আলু ও শীতকালীন সবজি চাষের জমিতেও পানি জমে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে আমন ধান ঘরে তোলা এবং সময়মতো আলু রোপণ—দুই নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

টানা বৃষ্টির পর নতুন করে বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। জমিতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা মৌসুমি শ্রমিকদের অনেকেই কাজ বন্ধ রেখে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন। ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধান কাটার গতি আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

রোববার সকালে উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে নিচু জমিগুলো প্রায় ডুবে গেছে। কোথাও কাটা ধান পানিতে ভাসছে, আবার কোথাও পাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য কোদাল হাতে নালা কাটছেন কৃষকেরা। সকাল থেকেই নিজেদের ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

কৃষকেরা জানান, আমন ধান কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে আগাম আলু রোপণের পরিকল্পনা ছিল তাঁদের। নির্ধারিত সময়ে আলু চাষ করতে পারলে ভালো ফলনের পাশাপাশি আগাম বাজারে বিক্রির সুযোগ পাওয়া যায়। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। জমি থেকে পানি না নামলে আলু রোপণ বিলম্বিত হবে। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন ও বাজারজাতকরণেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উপজেলার জমিনপুর গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, অনেক আশা ছিল দ্রুত ধান ঘরে তুলে জমিতে আলু রোপণ করবেন। কিন্তু বৃষ্টিতে সেই আশা পূরণ হচ্ছে না। তাঁর জমির কাটা ধান পানিতে ভাসছে। এখন ধান রক্ষা করবেন, নাকি আলু চাষের প্রস্তুতি নেবেন—তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

পুর গ্রামের কৃষক মাছুম বলেন, মাঠে যে পরিমাণ পানি জমেছে, তাতে এখনই আলু রোপণ করা সম্ভব নয়। যাঁরা ধান কেটে জমিতে রেখেছেন, তাঁদের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি না কমলে নতুন করে জমি প্রস্তুত করাও কঠিন হয়ে পড়বে।

হাতিয়র গ্রামের কৃষক তাজমহল হোসেন জানান, তিন দিন আগে পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলেন তিনি। টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে এসব ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতো আরও অনেক কৃষকের পাকা ধান এখনো মাঠে পড়ে আছে।

আরেক কৃষক লুৎফর রহমান বলেন, সকাল থেকে না খেয়েই জমির পানি নিষ্কাশনের জন্য নালা কাটছেন তিনি। রাতেও বৃষ্টির সম্ভাবনার কথা শুনেছেন। তাঁর ভাষ্য, আলু রোপণের চিন্তা এখন দূরের কথা, আবার বৃষ্টি হলে কাটা ধান বাড়িতে নেওয়াই কঠিন হয়ে পড়বে।

এদিকে রংপুর, কুড়িগ্রাম, জলঢাকা ও গাইবান্ধা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার আমনের ফলন ভালো হয়েছে। কয়েক দিন ধরে তাঁরা ধান কাটলেও বৃষ্টির কারণে অধিকাংশ ধান এখনো মাঠে পড়ে আছে। সামান্য কিছু ধান বাড়িতে নিতে পেরেছেন তাঁরা। মাঠে কাজের পরিবেশ না থাকায় আপাতত নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন। আবহাওয়া ভালো হলে এবং জমি শুকিয়ে এলে আবারও কাজে ফিরবেন বলে জানিয়েছেন তাঁরা।

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৫৯ হাজার ৫২১ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এ ছাড়া উপজেলায় প্রায় ১০৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। ফলে টানা বৃষ্টিতে আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজি আবাদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পাকা আমন ধান, শীতকালীন সবজি ও সরিষার ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪