বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি ঠেকাতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিল চেষ্টাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার এ তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জ্বলন্ত আটটি মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরআগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গুটিকয়েক যুবক। হঠাৎই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে ভোঁ-দৌড় দেয়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা যায়নি।
উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় দলীয় নেতাকর্মী। নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাস দৌড়ে পালিয়েছে। নৈরাজ্য প্রতিহত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রনবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে।
নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার ওমর ফারক (৩৫) রনবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম