| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওয়াপাড়াকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়তে চাই: গোলাম মোস্তফা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১৪:৫৪:২৮:অপরাহ্ন  |  ২৯৬ বার পঠিত
নওয়াপাড়াকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়তে চাই: গোলাম মোস্তফা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনায় সমৃদ্ধ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভাকে আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফা। তিনি বলেছেন, ভৈরব নদের তীরে গড়ে ওঠা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়ার বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং নাগরিক সেবার নানা সংকট উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তার মতে, সুষ্ঠু নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহি ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে নওয়াপাড়াকে দেশের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এ জন্য মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান এবং আধুনিক নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াপাড়া পৌরসভার বর্তমান পরিস্থিতি, দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন ভাবনা এবং মেয়র নির্বাচিত হলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন গোলাম মোস্তফা।

প্রশ্ন: নওয়াপাড়াকে নিয়ে আপনার ভাবনা ও স্বপ্ন কী?

গোলাম মোস্তফা: নওয়াপাড়া শুধু একটি পৌরসভা নয়, এটি আমাদের আবেগ, ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র। ভৈরব নদের তীরে গড়ে ওঠা এই শিল্প ও বাণিজ্যনগরী সার, কয়লা, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যের ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নৌ, সড়ক ও রেল যোগাযোগের সুবিধা থাকায় নওয়াপাড়ার অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি। দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে এ নগরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যকর নেতৃত্বের অভাবে সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

আমি মনে করি, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নওয়াপাড়াকে দেশের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ বাণিজ্যিক নগরীতে পরিণত করা সম্ভব। আমার মূল লক্ষ্য হবে এই নগরীর ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

প্রশ্ন: আপনার দৃষ্টিতে নওয়াপাড়ার বর্তমান প্রধান সমস্যাগুলো কী?

গোলাম মোস্তফা: নওয়াপাড়ার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিস্তার আমাদের সমাজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে।

সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে নিরাপদে ব্যবসা পরিচালনা করা এবং স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং অপরিকল্পিত নগরায়ণ নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলছে। একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক নগরীর যে ধরনের অবকাঠামো ও নাগরিক সুবিধা থাকা প্রয়োজন, সেগুলো নিশ্চিত করা জরুরি। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রশ্ন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আপনার পরিকল্পনা কী?

গোলাম মোস্তফা: মাদক ও সন্ত্রাসমুক্ত নওয়াপাড়া গড়ে তোলা আমার অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করতে হবে।

তবে শুধু প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এসব সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে হবে। তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারলে তারা অপরাধ ও মাদকের পথ থেকে দূরে থাকবে। আমি এমন একটি নওয়াপাড়া দেখতে চাই, যেখানে ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই নিরাপদে বসবাস ও চলাফেরা করতে পারবেন।

প্রশ্ন: পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়নে কী করতে চান?

গোলাম মোস্তফা: একটি আধুনিক পৌরসভার প্রথম শর্ত হচ্ছে নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা। নাগরিকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পৌরসভার প্রয়োজনীয় সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে।

এ জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা থাকতে হবে। পৌরসভার প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং উন্নয়নকাজের অগ্রগতি কী—এসব বিষয়ে নাগরিকদের জানার সুযোগ থাকতে হবে।

আমি চাই, পৌরসভা হবে জনগণের সেবাকেন্দ্র; কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান নয়।

প্রশ্ন: নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?

গোলাম মোস্তফা: নওয়াপাড়ার অর্থনীতির মূল শক্তি হলো এখানকার ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রথমেই ব্যবসায়ীদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

চাঁদাবাজি, অনিয়ম ও অযথা হয়রানি বন্ধ করা গেলে নতুন বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

নওয়াপাড়ার ভৌগোলিক অবস্থান, নৌপথ, সড়ক ও রেল যোগাযোগের সুবিধা এবং শিল্প-বাণিজ্যের ঐতিহ্যকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ী, শ্রমিক ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে হবে। একটি নিরাপদ ও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে পারলে নওয়াপাড়া আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

প্রশ্ন: মেয়র নির্বাচিত হলে নেতৃত্ব ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আপনার বিশেষত্ব কী হবে?

গোলাম মোস্তফা: আমি মনে করি, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। ব্যক্তিগত স্বার্থ, দলীয় বিবেচনা কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণকে প্রাধান্য দিতে হবে।

আমি পৌরসভার প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও সমান সুযোগ নিশ্চিত করতে চাই। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব নাগরিকের জন্য পৌরসভাকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের সমস্যা শোনা এবং বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়াকে আমি গুরুত্ব দেব। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি বা বৈষম্য থাকা উচিত নয়। পৌরসভার প্রতিটি নাগরিক যেন সমানভাবে সেবা পাওয়ার অধিকার ভোগ করেন, সেটিই হবে আমার প্রত্যাশা।

প্রশ্ন: নওয়াপাড়ার তরুণ প্রজন্মের জন্য আপনার পরিকল্পনা কী?

গোলাম মোস্তফা: তরুণরাই একটি নগরীর ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রধান শক্তি। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে নওয়াপাড়ার উন্নয়ন আরও গতিশীল হবে।

এ জন্য তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে, প্রয়োজনীয় খেলার মাঠ নিশ্চিত করতে হবে এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

আমি চাই, নওয়াপাড়ার তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠুক। তাদের প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও কর্মজীবনে প্রবেশের সুযোগ বাড়াতে হবে। তরুণদের জন্য সম্ভাবনার দরজা খুলে দিতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা সম্ভব।

প্রশ্ন: শেষ প্রশ্ন, নওয়াপাড়াকে নিয়ে আপনার স্বপ্ন কী?

গোলাম মোস্তফা: আমার স্বপ্ন একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নওয়াপাড়া গড়ে তোলা। এমন একটি নগরী চাই, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের দৌরাত্ম্য; থাকবে মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, উন্নত নাগরিক সেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ।

আমি এমন নওয়াপাড়া গড়তে চাই, যেখানে সাধারণ মানুষ সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং তরুণরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবেন।

ন্যায়, কল্যাণ ও সমৃদ্ধির পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। নওয়াপাড়ার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কাজ নয়; এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণ। আমার প্রত্যাশা, সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ নওয়াপাড়া গড়ে তুলব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪