| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশাসন-গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা দোসররা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৬:৩১:২৮:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
প্রশাসন-গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা দোসররা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, সরকারের ইতিবাচক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। কিন্তু এসব ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, শুধু প্রশাসনের ভেতরেই নয়, গণমাধ্যমেও বিগত সরকারের দোসর হিসেবে পরিচিত একটি পক্ষ ঘাপটি মেরে রয়েছে। তারা সরকারের ভালো কাজগুলো আড়াল করে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিগত সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন এবং আত্মগোপনে থাকার সময় দলটির বক্তব্য গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কঠিন সময়ে সাংবাদিকরা বিএনপির বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন এবং শ্রম অসন্তোষের কারণে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন বক্তব্যের তথ্যগত ভিত্তি কী?

তিনি বলেন, সরকার দ্রুততার সঙ্গে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের ন্যায্য পাওনা এবং ন্যূনতম মজুরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা রপ্তানি খাত অন্য দেশে চলে যাচ্ছে—এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার বলে মনে করেন তিনি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বন্ধ করেনি। তারা এখনো হত্যার রাজনীতি ও সহিংসতার পথ থেকে সরে আসেনি।

বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে রিজভী বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের কর্মী রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।

এসব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো ইন্ধন জোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভীর দাবি, প্রতিদিন হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে এবং মাগরিবের আগেই তা শেষ করা হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে বলেও দাবি করেন রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বরের মহান বিজয় জাতিকে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে তোলে। বিজয়ের চেতনা ধারণ করে জাতীয় স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪