| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেইসবুকে নেই দুদক চেয়ারম্যান, সতর্ক থাকার আহ্বান

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯১৮২ বার পঠিত
ফেইসবুকে নেই দুদক চেয়ারম্যান, সতর্ক থাকার আহ্বান
ছবির ক্যাপশন: দুদক চেয়ারম্যানের নামে খোলা ভুয়া ফেইসবুক আইডি।

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মামলার ভয়-ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা থামছে না। বিভিন্ন সরকারি কর্মকর্তা কিংবা সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়ায় আবারও সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারক চক্রের তৈরি আরও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তিনি বলেন, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই। আজকে পাওয়া এ ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্রচ্ছদে লেখা রয়েছে ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক একাউন্টের বাইরে আমার কোনো একাউন্ট নেই। সবাই ফেক একাউন্টগুলো বর্জন করুন।’


কমিশনের পক্ষ থেকে সবাইকে এসব প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উপরোল্লিখিত প্রতারকচক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


এর আগে ১২ ফেব্রুয়ারি প্রতারকচক্র সম্পর্কে দুদক থেকে অফিসিয়ালভাবে সতর্ক করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, একটি প্রতারকচক্র দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলকভাবে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের নিকট থেকে অর্থ আদায় করছে। ইদানীং তারা বেপরোয়া হয়ে উঠেছে, এমনকি কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেও এরূপ অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরূপ প্রতারণামূলক কাজের জন্য ইতোপূর্বে তাকে গ্রেপ্তার করা হলেও সে জামিনে বাইরে এসে পুনরায় একই অপকর্ম অব্যাহত রেখেছে।

রিপোটার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪