| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ, সাগরিকার হ্যাটট্রিকসহ ৯ গোল

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ১০:৩৪:২৮:পূর্বাহ্ন  |  ১৫৬২৩৯৪ বার পঠিত
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ, সাগরিকার হ্যাটট্রিকসহ ৯ গোল
ছবির ক্যাপশন: শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ, সাগরিকার হ্যাটট্রিকসহ ৯ গোল

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করে মেয়েরা।

মোসাম্মৎ সাগরিকা করেছেন হ্যাটট্রিক, মুনকি আক্তার দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে।

এ দিন এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই শুরুর একাদশে রাখেন বাংলাদেশ কোচ। যার ছাপ প্রথম মিনিট থেকেই টের পায় শ্রীলঙ্কা। খেলার সময় মিনিট পার হতেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সরাসরি ফ্রি–কিক থেকে স্বাগতিকদের উদযাপনের প্রথম উপলক্ষ্য হন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। এর ঠিক তিন মিনিট যেতেই দ্বিতীয় গোলও পেয়ে যায় আফঈদারা। এবার একাই প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার।

প্রথমার্ধের ৩০ মিনিটে আরও কয়েকটি আশা জাগানিয়া আক্রমণ করে বাংলাদেশ। যার মধ্যে ১৫ মিনিটে মোসাম্মাৎ সাগরিকার শট রুখে দেয় বেরসিক গোলপোস্ট। ১৯ মিনিটে পোস্টের একেবারে সামনে বল পেয়েও নিশানা ভেদ করতে পারেননি মুনকি। তাতে অবশ্য বাংলাদেশের আক্রমণের গতিতে একটুও ভাটা পড়েনি। 
শেষমেশ ৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠা বাংলাদেশের সিনহা জাহানের ক্রস থেকে আলতো শটে বল জালে জড়ান সাগরিকা। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুই –দুবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেগুলো আর গোলের খাতায় উঠেনি।  

বিরতির পর গুনে গুনে আরও ছয়বার গোল উদযাপন করে বাংলাদেশ। ৪৮ মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠা সাগরিকার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি।

 ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান সিনহা। এরপর ৫২ মিনিটে বন্যা খাতুনের পাস ধরে দারুণভাবে প্রতিপক্ষের বক্সে ঢুকে দলের ষষ্ঠ গোল আদায় করে নেন সেই সাগরিকা। এর ছয় মিনিট পর আবারও সাগরিকা; এবার নিজের হ্যাটট্রিক করার আনন্দে মাতেন। পোস্টের ডান পাশ থেকে তাকে গোলমুখে বল বাড়িয়ে দেন পুজা দাস। সেই বল মুহূর্তের মধ্যে জালে জড়ান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

 ৮৫ মিনিটে স্কোরলাইন ৮–০ করেন রুপা আক্তার। বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দেন রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।    

পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সে জন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্খিত ট্রফি।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার পর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের সামনে পড়বেন স্বপ্না সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বয়সভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি বেশ ভারি। সর্বশেষ ২০২৪ সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তাঁরা। সেই হিসেবে এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।



রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪