শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলা ফ্যাক্টরি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১২ জুন) সন্ধ্যার ঠিক পূর্বমুহূর্তে শৈলকূপা উপজেলার মালিথিয়া এলাকার ব্যবসায়ী মিজান মোল্লার মালিকানাধীন ওই তুলা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে তুলার ঘরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা গেলে এলাকার বাসিন্দা নায়েব আলী ‘আগুন-আগুন’ বলে চিৎকার দেন। তার ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের প্রচণ্ড তাপে কেউ এগোতে পারেননি।
পরবর্তীতে খবর দেওয়া হয় শ্রীপুর ও শৈলকূপা ফায়ার সার্ভিসকে। দুই উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ সময় ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুরো ফ্যাক্টরিটি পুড়ে ছাই হয়ে যায়।
শৈলকূপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভাতে সময় লাগে। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টার কারণে পার্শ্ববর্তী দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা হতে পারে।
স্থানীয়দের মতে, আগুন যদি আরও কিছু সময় স্থায়ী হতো তবে পুরো বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
রিপোর্টার্স২৪/আরএইচ