| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে নাটকীয় জয় বাংলাদেশের মেয়েদের

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৫:৫৯:০৭:অপরাহ্ন  |  ১৫৫৫৩১৫ বার পঠিত
শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে নাটকীয় জয় বাংলাদেশের মেয়েদের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ৭৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু পরের ১০ মিনিটে নেপালের পাল্টা দুই গোলে জয়ের আশা ধূসর হয়ে যাচ্ছিল। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে মাঠে নেমে আসে নাটকীয় মোড়—তৃষ্ণা রানীর জয়সূচক গোলে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির।

রোববার (১৩ জুলাই) ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিটার বাটলারের শিষ্যারা।

দলের আক্রমণভাগ শুরু থেকেই ছন্দে ছিল। ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে সাগরিকার বাড়ানো বল প্রথমে রক্ষা করলেও রিবাউন্ড থেকে সিনহা জাহান শিখা জালে বল জড়ান। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় গোল।

৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকার পা থেকে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনার পারদ চড়তে থাকে। ৫৬ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি থেকে গড়ায় হাতাহাতিতে। এর জেরে বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দুই দলই ১০ জন করে খেলতে থাকে।

৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায়, যা থেকে আনিশা রায় গোল করে ব্যবধান কমান। এরপর ৮৬ মিনিটে মীনা দেউবার গোলে ম্যাচে সমতা ফেরায় নেপাল ২-২।

রেফারির যোগ করা সাত মিনিটের শেষ প্রান্তে বাংলাদেশ ফের আক্রমণে ওঠে। এবং এই আক্রমণ থেকেই আসে ম্যাচ জেতানো গোল। ডান দিক থেকে আক্রমণ গড়ার পর বল পান তৃষ্ণা রানী। নির্ভার শটে বল জালে জড়িয়ে দেন তিনিও। এই গোলেই ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার দলের এই রাউন্ড-রবিন পদ্ধতির লিগে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে দুইবার করে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। নেপালকে হারিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪