রিপোর্টার্স ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা ও দেশটির ‘এ’ দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অংশগ্রহণকারী আট দলের মধ্যে সাতটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। কেবল অস্ট্রেলিয়া খেলবে একটি ম্যাচ।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে শ্রীলঙ্কার মূল দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে নিগার সুলতানারা।
এর আগে, গত জুনে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সূচি প্রকাশ করা হয়। আসরটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর, শেষ হবে ২ নভেম্বর। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।
২০২২-২৫ নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। স্বাগতিক হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। বাকি পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তান।
৮ দলের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। মোট ২৮টি ম্যাচ নিয়ে হবে লিগ পর্ব। যদিও আয়োজক দেশ ভারত, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।
আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো। দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৫ সেপ্টেম্বর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। অন্যদিকে, কলম্বোতে খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দল।
২৭ সেপ্টেম্বর দ্বিতীয় দিন মাঠে নামবে অস্ট্রেলিয়া, যারা একমাত্র দল হিসেবে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। একই দিনে ব্যাঙ্গালুরুতে হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, আর কলম্বোতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে।
২৮ সেপ্টেম্বর শেষ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যাঙ্গালুরুতে খেলবে দক্ষিণ আফ্রিকা ও ভারত ‘এ’ দল। আর কলম্বোতে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা ‘এ’।
বাংলাদেশ নারী দলের দুইটি প্রস্তুতি ম্যাচই হবে কলম্বোতে- ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
রিপোর্টার্স২৪/আরএইচ