রিপোর্টার্স ডেস্ক: অবশেষে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে জয় দেখল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটে-বলে একতরফা পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১–০ তে এগিয়ে গেল লিটন বাহিনী।
পাকিস্তানের দেয়া মাত্র ১১১ রানের লক্ষ্য টপকাতে খুব বেশি সময় নেয়নি টাইগাররা। ২৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখা যায় বোলারদের মধ্যে।
প্রথম ওভারে শেখ মেহেদীর বলে ফখর জামানের সহজ ক্যাচ ফেলেন তাসকিন, কিন্তু ঠিক পরের ওভারেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ওপেনার সাইম আইয়ুবকে মাত্র ৬ রানে ফিরিয়ে দেন তাসকিন।
তৃতীয় ওভারে শেখ মেহেদী ফেরান হারিসকে (৪), এরপর পঞ্চম ওভারে অধিনায়ক সালমান আগাকে (৩) তুলে নেন তানজিম সাকিব। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪১/৪।
রানআউটের বলি হন মোহাম্মদ নাওয়াজ, আর মাঝপথে পিচে দাঁড়িয়ে পড়ে রানআউট হন ফখর জামান (৪৪)। এরপর খুশদিল শাহ (১৭) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি।
তাসকিন আহমেদ ১৯তম ওভারে ফের তাণ্ডব চালান। প্রথম বলে আউট করেন ফাহিম আশরাফ, পরের বলে রানআউট হন সালমান মির্জা, এরপরের বলেই আউট আব্বাস আফ্রিদি।
শেষ পর্যন্ত ১৯ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
তাসকিন আহমেদ ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। মোস্তাফিজ নেন ২টি, মেহেদী ও সাকিব ১টি করে উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। ৪ বলেই ফেরেন তানজিদ হাসান তামিম (১)। এরপর অধিনায়ক লিটন দাসও (১) ব্যর্থ হন।
প্রথম দুই উইকেট পড়ে যায় মাত্র ৭ রানে।
তবে এরপর তাওহীদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন গড়েন দায়িত্বশীল জুটি। পাওয়ার প্লে'তে বাংলাদেশ তোলে ৩৮ রান।
তবে ফিফটির পথে থাকা হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড হন।
অন্যদিকে, ফিফটি তুলে নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতক, শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।
তার সঙ্গে যোগ দেন জাকের আলী অনিক। ১০ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
বাংলাদেশ জয় পায় ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখে, সিরিজে এগিয়ে যায় ১–০ ব্যবধানে।
রিপোর্টার্স২৪/আরএইচ