| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইএসপিআর বলছে ৩১, সরকারি তথ্যে নিহত কমে ২৯

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৮:৩৪:৩২:পূর্বাহ্ন  |  ১৬৮৬১০১ বার পঠিত
আইএসপিআর বলছে ৩১, সরকারি তথ্যে নিহত কমে ২৯

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে (বেলা ১১টা পর্যন্ত) ২৯ জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। অথচ প্রায় ২৪ ঘণ্টা পূর্বে (মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত) আইএসপিআর থেকে জানানো হয়েছিল এ দুর্ঘটনায় নিহত ৩১ জন।

শুধু নিহত নয় আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআরের দেওয়া তথ্যে অমিল রয়েছে।

গতকাল আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল। এদিকে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন।

মঙ্গলবার আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আজকের তালিকা অনুযায়ী, নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।

দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইএসপিআর উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এ ছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর দুজন আর সরকার একজন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআরের থেকে একজন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়।

সুত্র: কালের কণ্ঠ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪