| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটলেও সংস্কৃতি এখনো বহাল: ড. ইফতেখারুজ্জামান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ২০:৩২:০০:অপরাহ্ন  |  ১৫২৭৭৯০ বার পঠিত
কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটলেও সংস্কৃতি এখনো বহাল: ড. ইফতেখারুজ্জামান
ছবির ক্যাপশন: ড. ইফতেখারুজ্জামান

খুলনা প্রতিনিধিঃ  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা এখনও বহাল আছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, অবৈধ লেনদেন, ঘুষ, গ্রেপ্তার এমনকি জামিন বাণিজ্যও বহাল রয়েছে। এসব দিকে নজর রেখেই গণমাধ্যমকর্মীদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে থেকে রিপোর্ট প্রকাশ করা উচিত।

শনিবার (২৩ আগস্ট) নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনায় গণমাধ্যমকর্মীদের 'ইলেকশন রিপোর্টিং' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের বেশ কয়েকটি দিকে নজর রাখা উচিত। এর মধ্যে সমান প্রতিযোগিতার ক্ষেত্রটি নিশ্চিত হচ্ছে কি না, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে কি না ইত্যাদি পর্যবেক্ষণে রাখা জরুরি।তিনি বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের ধারাবাহিকতা এখনও বহাল আছে কি না, সেটি মাঠ পর্যায়ের সাংবাদিকদেরই দেখার দায়িত্ব। সেক্ষেত্রে পেশাদারির পরিচয়ে রিপোর্টিং করা উচিত, কোনো প্রকার দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকাও পেশাদার সাংবাদিকদের নজরে রাখতে হবে।

অতীতের মতো যাতে দলীয় দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষক নিয়োগ না হয় বা সাংবাদিকদের নামে নির্বাচনী কাজে কেউ হস্তক্ষেপ করছে কি না, সেটিও পেশাদার সাংবাদিকদের নজরে রাখার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, সাংবাদিকদের মনে রাখতে হবে আগামী নির্বাচনে কিন্তু ৫ আগস্টে পরাজিত শক্তি বসে থাকবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে কি না, সেটিও সাংবাদিকদের নজরে রাখতে হবে।

প্রশিক্ষণটি সমন্বয় করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক এবং সহায়তায় ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সাইমুম মৌসুমী বৃষ্টি। রিসোর্স পারসন হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্রিল্যান্স ডাটা জার্নালিস্ট অ্যান্ড এডুকেটর মুহাম্মদ ইমরান।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪