| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে কনিকা

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৮০৫৬৩ বার পঠিত
মিস ওয়ার্ল্ডের মঞ্চে রিকশার হুডওয়ালা গাউনে কনিকা
ছবির ক্যাপশন: রিকশার হুডওয়ালা গাউনে বাংলাদেশের প্রতিযোগী আকলিমা আতিকা কনিকা

রিপোর্টার্স এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই শনিবার (১০ মে) হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। এই প্রতিযোগীতায় অংশ নিয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মডেল আকলিমা আতিকা কনিকা।  


শনিবার (১০ মে) উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব রিকশার ডিজাইনের গাউনে নজর কাড়েন আকলিমা।  


ছবিতে দেখা যায়, হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে চোখ ধাঁধানো আউটফিট ডিজাইনের গাউনে র‍্যাম্পে হাজির হন আকলিমা। এরপর থেকেই বেশ আলোচনা হচ্ছে তার লাল টকটকে বেইসে বর্ণিল রিকশা গাউনটি নিয়ে। সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের।


জানা যায়, আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী। নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছসিত রাইসা। এ নিয়ে সামাজিকমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।  


২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিকশার ভিড়েই এই ডিজাইনের অনুপ্রেরণা পান রাইসা। মায়ের ঐকান্তিক সহযোগিতা আর ইন্সপিরেশনে এই তরুণ ডিজাইনার রিকশা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন। এর বর্ণিল নকশার মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা মা-বাবার দোয়া।


রাইসার ভাষ্য, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি।


বলে রাখা যায়, মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগী নন, বরং একজন সচেতন, আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী।  


বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার। তিনি ইতোমধ্যই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪