| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌলিক অবক্ষয়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:১৮:২৯:পূর্বাহ্ন  |  ১৫৫৪৫২৪ বার পঠিত
মৌলিক অবক্ষয়
ছবির ক্যাপশন: কবি ও উপন্যাসিক আর আই রফিক

আর আই রফিক:

বেড়েছে আজ সম্পদ সবার,

ঘটছে দেশে শিক্ষার প্রসার,

অভাব যাচ্ছে দূরে,

রবি শশীও আগের মত

দিচ্ছে আলো অবিরত

পৃথিবীকে ঘুরে।


রাস্তা ঘাটে অগণিত

চলছে গাড়ি পিঁপড়ে মত

পরিবহন তরে,

নেই কোন শ্রম চাষাবাদে 

লাকড়ি ছাড়াই গিন্নী রাঁধে 

কত্তো আরাম করে ! 


গাঁয়ের কাঁচা রাস্তাগুলো 

দিনে দিনে পেকে গেলো

শহরগুলোর মতই, 

সবার ঘরে বিদ্যুৎ জ্বলে

মনের কথা ফোনে চলে

হোক না দূরে যতই।


স্কুল মাদ্রাসা গ্রামে গ্রামে 

শিক্ষা চলছে পুরোদমে 

লক্ষ্য মানুষ গড়া,

শিক্ষার্থীদের মনে ইচ্ছে 

বিশেষভাবে শিখে নিচ্ছে 

অর্থ উপায় করা।


টাকার ঝুড়ি ভরবে যখন

সফল হবে শিক্ষা তখন

বৈধাবৈধ পরে, 

বড় পদে চাকরি পেলে

কাঁড়ি কাঁড়ি অর্থ মেলে

সুখ আনা যায় ঘরে।


বিবেক বিচার, এ আবার কি ? 

লোভ-লালসায় সবই ফাঁকি 

দেখছি জগৎ জুড়ে, 

সুবিচার আজ ধূলায় লুটে

অনাচারের ঝাণ্ডা উঠে 

ক্ষমতারই জোরে।


অত্যাচারের ঝাণ্ডা তলে

ভীড়ছে মানুষ দলে দলে

চাবুক নিয়ে হাতে,

সহায়হীনে পায়ে পিষে

সুখের হাসি সবাই হাসে

হুজুগেতে মেতে।


প্রতিবাদের নেইকো বালাই

অন্যায় দেখে 'পালাই, পালাই'

শুনি সবার মুখে,

কাটতে দেখে ভাতিজার কান

চাচা বাঁচায় আপনার প্রাণ

থাকতে নিজে সুখে।


উন্নয়নের জোয়ার দেখো

অনুন্নত পাবে নাকো

মানুষের মন ছাড়া,

মানবতা উল্টো রথে

চলছে ধেয়ে লুপ্তির পথে

ফিরায় তাকে কারা ? 


ক্ষমতা আর অর্থের টানে

ঘৃণ্যকর্ম প্রতি ক্ষণে

যাচ্ছে করে মানুষ, 

মানবতার অবক্ষয় আজ

তা-ইতো মানুষ হারিয়ে লাজ

আকারেতেই ফানুস।                  

কবি পরিচিতি: আর আই রফিক (রফিকুল ইসলাম রফিক) কবি, গল্পকার ও উপন্যাসিক। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে ঢাকিরকান্দা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার রচিত ও প্রকাশিত উপন্যাস সোনার আংটি, নাবালিকা বধূ, মেঘের আড়ালে সূর্য, দান প্রতিদান, অনাহুত অতিথি, গল্পের বই চতুষ্কোণ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪