মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য চাঁদ আলীকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ি থেকে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক রহমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদ আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা