মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা, শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন বাজারজাত ও বিক্রির কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫২ ধারায় মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা