স্টাফ রিপোর্টার,চাঁদপুর: চাঁদপুর সদরের হানারচরে সাড়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭১ হাজার টাকাসহ ইউপি সদস্যের স্ত্রী এবং আরেক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
এই দিন ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-ওই ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে যান। তবে তার স্ত্রী ও মোস্তফাকে আটক করা হয়। এসময় ১৯টি জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ ৭১ হাজার টাকা জব্দ করা হয়।
পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা