খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠত্ব অর্জনকারী কয়েকজন শিক্ষককেও পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পুরস্কার ও অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, “দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদাসহ সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা