শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রনি খাতুনের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনার ইউএনও রনি খাতুনের বদলির আদেশ জারি করেন। তবে স্থানীয় সর্বস্তরের মানুষের দাবি, কর্মদক্ষ, জনবান্ধব ও গরিবের বন্ধু হিসেবে পরিচিত এই কর্মকর্তা শ্যামনগরে থেকে তার দায়িত্ব চালিয়ে যাক।
মানববন্ধনে বক্তারা বলেন, রনি খাতুন দায়িত্ব নেয়ার পর থেকে শ্যামনগরের গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। সর্বস্তরের মানুষের জন্য কাজ করে তিনি দ্রুত সবার আস্থাভাজন হয়ে ওঠেন।
শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক প্রিন্সিপাল তপন কুমার মণ্ডল বলেন, “রনি খাতুন শ্যামনগরের মানুষের ঢাল হয়ে কাজ করেছেন। তাকে সরানো হলে এখানকার মানুষের জন্য তা হবে অন্ধকার নেমে আসার সমান। তাই অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করতে হবে।”
ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক বলেন, “তিনি ছিলেন দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য একজন কর্মকর্তা। আমরা তাকে বিদায় দিতে চাই না। তাই এই বদলির আদেশ স্থগিত করতে হবে।”
শ্যামনগর প্রেসক্লাব সভাপতি প্রফেসর মনির হোসেন বলেন, “রনি খাতুন দিন-রাত ছুটে বেড়িয়েছেন শ্যামনগরের মানুষের ভাগ্যের উন্নয়নে। কোনো দল তাকে ব্যবহার করতে পারেনি, তিনিও নিজেকে কোনো দলের সাথে সম্পৃক্ত করেননি। তিনি সর্বজনীন ও কর্মদক্ষ একজন প্রশাসক। যদি এই বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হয় তবে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুলনা বিভাগীয় কমিশনারসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইউএনও রনি খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা