শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় বনবিভাগের যৌথ আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিন, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবির, উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বনবিভাগের প্রতিনিধিরা।
এদিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভা ও ১২টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
একই দিনে পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরারও উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এই সময় তিনি বলেন, নালিতাবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিলো এতে করে অপরাধ প্রবণতা এবং ছিচকে চুরি অনেকাংশে হ্রাস পাবে ।এছাড়া দেশী জাতের বিভিন্ন ফল, ফুল এবং ঔষধি যেমন আম, জাম, কাঠাল, আমলকি, বহেরা, কৃষ্ণচূড়া বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে উপজেলায় ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের আধিক্য কমে পরিবেশবান্ধব গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
রিপোর্টার্স২৪/সোহাগ