কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্ষাবেনু গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা বিএনপির উদ্যোগে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান দমন-পীড়ন, স্বৈরাচারী শাসন ও জনগণের কণ্ঠরোধের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।
উঠান বৈঠকে কুর্ষাবেনু গ্রামের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন।
রিপোর্টার্স২৪/সোহাগ