| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার, চারজন উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:৫৬:২২:অপরাহ্ন  |  ১৫২২৩৪২ বার পঠিত
বগুড়ায় অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার, চারজন উদ্ধার
ছবির ক্যাপশন: অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়ার জাফর আলীর ছেলে মো. উকিল (৩৮)। এর মধ্যে আমিনুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক ও মাদক সংশ্লিষ্ট চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

তিনি জানান, গত সোমবার দুপুরে সারিয়াকান্দির নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিক আদালতের কাজ শেষে জামাই মাজম, ভাগিনা কাওসার ও স্বজন রশিদকে নিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। অজ্ঞাতনামা কয়েকজন তাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিম কুদ্দুস প্রামানিকের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও ছায়া তদন্তের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪