লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুলড্রেস তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে মোট ১৫০০ শিক্ষার্থীর মধ্যে ড্রেস বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
একই সময়ে পৃথক উদ্যোগে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়া ছাত্রীদের জন্য ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আজকের শিক্ষার্থীরা সঠিকাবে শিক্ষাগ্রহণ করে ভবিষ্যতে যেন বড় হয়ে উঠতে পারে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে হবে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা