চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জায়েদ হোসাইন, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজিজুর রহমান খান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, মো. বদরুজ্জামান মৃধা, আলমগীর কবির ব্যাপারী, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবুল কালাম, আব্দুর সবুর কাজল, লিয়াকত আলী লাভলু ও আ. ছালাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র ও সাধারণ সম্পাদক বিষয় ব্যাপারী।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজায় বহিরাগতদের অনিয়ন্ত্রিত আগমন, মাদক সেবন ও কিশোরদের মোটরসাইকেল নিয়ে মহড়া ঠেকাতে প্রশাসনের বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন। প্রতিটি পূজা মণ্ডপে জেনারেটরের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি মণ্ডপে একটি করে পরিদর্শন বই রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিদর্শন শেষে তাঁদের মতামত লিপিবদ্ধ করতে পারেন।
সভায় আরও জানানো হয়, পূজা উদযাপন পর্যবেক্ষণে দুটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সার্বক্ষণিক নজরদারি করবে এবং যেকোনো সমস্যা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাবে। পাশাপাশি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজানের সময় পূজা কার্যক্রমে সাময়িক বিরতি প্রদানের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা