রিপোর্টার্স২৪ ডেস্ক : টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপটে আন্তর্জাতিক ক্রিকেটে নড়বড়ে হচ্ছে অনেক বোর্ডের ভিত। এবার সেই বাস্তবতারই এক জ্বলন্ত উদাহরণ—অস্ট্রেলিয়ার দুই তারকা প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে দেওয়া ৮০ কোটি টাকার প্রস্তাব!
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী কামিন্স ও হেডকে প্রায় ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) অফার করেছিল শর্ত ছিল, তারা যেন জাতীয় দল ছেড়ে তাদের হয়ে পূর্ণকালীন সময় খেলেন।
তবে দুই তারকাই বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। বরং তারা অস্ট্রেলিয়ার জার্সিতেই খেলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা বছরে প্রায় ১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১২ কোটি টাকা) আয় করেন। অধিনায়ক হিসেবে কামিন্সের বার্ষিক আয় প্রায় ৩ মিলিয়ন ডলার (২৪ কোটি টাকা)। আইপিএলেও দুজনের চুক্তি বেশ মোটা—কামিন্স ১৮ কোটি আর হেড ১৪ কোটি রুপিতে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিকেট অস্ট্রেলিয়া বর্তমানে বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনায় আছে। বিশ্লেষকদের মতে, কামিন্স ও হেডকে দেওয়া এই প্রস্তাব আন্তর্জাতিক ক্রিকেটের বদলে যাওয়া চিত্রেরই ইঙ্গিত দিচ্ছে।
এমন প্রস্তাব এর আগেও এসেছে। ২০২৩ সালে ইংলিশ পেসার জোফরা আর্চারকে মুম্বাই ইন্ডিয়ান্স পুরো বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে ৭.৫ মিলিয়ন ডলার অফার করেছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে লিগভিত্তিক ক্রিকেটে নাম লিখিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি লিগের এই আর্থিক প্রলোভন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধনী বোর্ডগুলো হয়তো তারকাদের ধরে রাখতে পারবে, কিন্তু অপেক্ষাকৃত দুর্বল বোর্ডগুলো পড়বে টিকে থাকার লড়াইয়ে।
রিপোর্টার্স২৪/ঝুম