রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করে একদলীয় রাজনীতির পথ সুগম করতে চায়। তারা অভিযোগ করেন, ‘বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতি অনুসৃত হলেও বাংলাদেশে তা নস্যাৎ করার চেষ্টা চলছে।’ বক্তারা উল্লেখ করেন, ‘পিআর পদ্ধতি চালু হলে দেশে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি আর সম্ভব হবে না।’
বক্তারা আরও বলেন, ‘জনগণের পাঁচ দফা দাবি শুধু একটি দলের নয়, এটি গোটা জাতির স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এ দাবি পূরণ হলে গণতন্ত্র ও জবাবদিহিতার পথ প্রশস্ত হবে।’ জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদে পিআর পদ্ধতি সংযোজন করে গণভোট আয়োজন, আইনি ভিত্তি তৈরি করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,বর্তমান সরকারের সব গণহত্যা, নিপীড়ন ও দুর্নীতির বিচার করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ। এ সময় জেলা সেক্রেটারি মনছুরুল হক, নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রহমতুল্লাহসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা