কুষ্টিয়া প্রতিনিধি : সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় সড়কে ক্রিকেট খেলতে দেখা যায় তাদের।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ছেড়ে দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত উভয় সড়কের বেশিরভাগই দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সড়কে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন। সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে মহাসড়কে ছাত্র-ছাত্রীরা ব্যাট হাতে খেলা আরম্ভ করেন। তাদের অভিযোগ রাস্তা খারাপের কারণে তারা ঠিকমত ক্লাসে পৌঁছাতে পারেন না।যত দ্রুত সম্ভব এ মহাসড়কে যানবাহন চলাচল উপযোগী করার দাবি জানান।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা