উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: ১১ দফা দাবিতে পান চাষীদের বরিশালের উজিরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। কেজিপ্রতি পান রপ্তানিতে ৫ ডলার শুল্ক আরোপে রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা জানিয়েছেন।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উজিরপুর পান চাষী সমিতির আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মামুন হাওলাদার।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, জাসদ কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পান চাষি সমিতির কেন্দ্রীয় সহ–সম্পাদক নিমাই মণ্ডল, খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, উজিরপুরের পান দেশের একটি ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। অথচ রপ্তানি শুল্ক বৃদ্ধির কারণে বিদেশে পান রপ্তানি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার মূল্য হ্রাসে পান চাষীরা মারাত্মক সংকটে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে পান চাষ ছেড়ে দিচ্ছেন।
মানববন্ধন শেষে চাষীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
রিপোর্টার্স২৪/এসসি