চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মিলন (৬০) নামে একজন মারা গেছেন। বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মিলন নাচোল উপজেলার মারকইল-সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে মারা যান তিনি।
এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার কথা বলা হলেও সেটি রাজনৈতিক সংঘর্ষ নয় বলে দাবি করেছিলেন বিএনপির নেতারা। সংঘর্ষের পর মঙ্গলবার সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন