রিপোর্টার্স২৪ ডেস্ক: মাত্র এক মাস ২০ দিন আগে কঙ্গোর শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া ১৮০ জন সদস্যের বাংলাদেশ পুলিশের একটি শান্তিরক্ষী কন্টিনজেন্টের মিশন বাতিল করেছে জাতিসংঘ। পুরো দলকে ফেরত আনতে পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।
গতকাল বুধবার( ১৫ অক্টোবর) থেকে কঙ্গোতে বাংলাদেশের পুলিশ মিশনকে ‘অকার্যকর’ ঘোষণা করেছে জাতিসংঘ ।
অন্যান্য দেশের কন্টিনজেন্ট থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ সদস্য কমানো হলেও বাংলাদেশের পুরো দলকেই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের একমাত্র এ মিশন ‘রক্ষা’ করতে না পারার পেছনে কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বাহিনীটির সংশ্লিষ্ট সদস্যরা।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দায়িত্বশীলরা জানিয়েছেন, জাতিসংঘ তহবিল সংকটের কারণে মিশন বাতিলের সিদ্ধান্ত জানালেও পুরো দলটি দেশে ফেরার আগ পর্যন্ত ওই মিশনটি রক্ষার চেষ্টা চলছে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢাকার পুলিশ সদর দপ্তর জানিয়েছে,গত ২৬ আগস্ট ঢাকা ছেড়েছিল বর্তমানে কঙ্গোতে অবস্থান করা বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিটটি (এফপিইউ) । পুরো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মধ্যে একমাত্র নারী কন্টিনজেন্টে ১৮০ জন সদস্যের মধ্যে ৭০ জনই নারী। এই দলের মিশন আগামী বছরের আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
এক সপ্তাহ আগে জানা যায়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে তহবিল পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী চলমান জাতিসংঘের ৯টি শান্তিরক্ষী মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষীর সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কমানো হবে।
জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রায় ২৫ শতাংশ শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। এর ফলে ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এ ছাঁটাইয়ের আওতায় আসবেন।বাংলাদেশ দিয়েই ছাঁটাই শুরু করল জাতিসংঘ।
রিপোর্টার্স২৪/এসসি