| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ২১:৪২:৩৯:অপরাহ্ন  |  ৩৩০ বার পঠিত
মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুমতি নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু ও ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর থেকেই মোল্লাহাটের মধুমতি সেতু এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

একপর্যায়ে সেতুর মোল্লাহাট প্রান্তে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মোল্লাহাটে প্রবেশ করতে না পারেন, সে জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তাদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মধুমতি সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪