স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। বহুতল ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সাত তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।
বিস্তারিত আসছে...
রিপোর্টার্স২৪/এসসি