মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি টাকারও বেশি দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- মোহাম্মদ আল আমিন,শাহ মাদার দরগাহ শরীফের সুপার
এবং শ্যামল পাণ্ডে, সমাজসেবা কর্মকর্তা।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, ‘অভিযুক্ত দুই কর্মকর্তা যৌথভাবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে নিজেদের আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মৃত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে ভুয়া ফাইল তৈরি করে এবং জাল ব্যাংক হিসাব খুলে সরকারি অর্থ উত্তোলন করেন।’
তদন্তে দেখা যায়, তারা প্রায় ৪৩ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
এ ছাড়া ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ডিপোজিট স্কিমের অর্থে অনিয়ম করে ৪৭ লাখ টাকা, এবং শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদানকৃত ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সব মিলিয়ে আত্মসাৎকৃত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি এক লাখ টাকা।
দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে দুদক সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা