রিপোর্টার্স২৪ ডেস্ক : যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অভিযানে অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত আসামি এবং জুলাই গণ-অভ্যুত্থান মামলার আসামিসহ মোট ১৪৪ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি টিয়ার শেল, ২টি কার্তুজ, ৬টি হাতবোমা, ১৩টি ককটেল, ১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপণে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইএসপিআর সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা