| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে বিএনপির সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ২১:৪০:৪৫:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে বিএনপির সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

কুষ্টিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন প্রত্যাশা, সফরের কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, সফরের শুরুতে প্রধানমন্ত্রী চৌড়হাস চৌরাস্তা ঈদগাহ ময়দানসংলগ্ন একটি খালে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের মূল কর্মসূচি। সেখানে সরকারের চালু করা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জাকির হোসেন সরকার আরও জানান, কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় একযোগে অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কর্মসূচির উদ্বোধন করা হবে। স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রায় এক হাজার সুবিধাভোগী, কৃষক এবং ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন। তাঁদের মধ্য থেকে প্রতীকীভাবে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি কার্ড গ্রহণ করবেন।

সমাজকল্যাণমন্ত্রীর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সচিবের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া কুষ্টিয়ার বিরোধী দলের তিন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে তাঁদের মঞ্চে আসন গ্রহণ ও বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলার ১১টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারের মাধ্যমে প্রচারণা চলছে। আগামী ২ ডিসেম্বরের কর্মসূচিতে স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন সরকার বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে তারেক রহমান কুষ্টিয়া সফর করলেও তখন তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কাছে জেলার দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী মোহিনী মিল পুনরায় চালু করা। কাগজে-কলমে চালু থাকলেও বর্তমানে যন্ত্রপাতিহীন অবস্থায় বিটিএমসির লিকুইডেশন সেলে রয়েছে প্রতিষ্ঠানটি। মিলটিকে পুনরায় বিটিএমসির আওতায় এনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলার সুতি মিল, রেনউইক যজ্ঞেশ্বর এবং কুমারখালীর তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিস সেন্টারসহ বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার দাবি জানানো হয়েছে।

কুষ্টিয়া শহরের যানজট নিরসনেও বিশেষ প্রস্তাব তুলে ধরেছে জেলা বিএনপি। তাদের মতে, শহরের প্রধান সড়ক এনএস রোডে রেলক্রসিংয়ের কারণে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে বিকল্প বাইপাস নির্মাণের পরিবর্তে শহরের রেললাইন এলিভেটেড বা উড়ালপথে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রেললাইনের নিচ দিয়ে এনএস রোডের সমান্তরালে বিকল্প সড়ক নির্মাণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নেও কুষ্টিয়া শহর বা আশপাশে একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, পার্শ্ববর্তী পাবনা ও যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও কুষ্টিয়া অঞ্চলে এ ধরনের কোনো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। তাই এ অঞ্চলের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন এবং জেলা ছাত্রদলের সভাপতি তসলিম নিশাতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪