রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২১ শতাংশ বেশি। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫ হাজার ২৭০ কোটি টাকা। এ পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিল ৭৫ হাজার ৫৫৪.৭৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ দশমিক ৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।
জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হল-স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি।
স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬ হাজার ৮৩৮ দশমিক ৪৯ কোটি টাকা। এ খাতে ২৯ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিল ২৮ হাজার ৪৪৫ দশমিক ৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪ হাজার ৫৪৬ দশমিক ৬৫ কোটি টাকা।
আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪ হাজার ৮০ দশমিক ৮২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮ দশমিক ২৬ শতাংশ।
আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭ দশমিক ৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪ হাজার ৬২৫ দশমিক ৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১ দশমিক ৭৪ শতাংশ।
রিপোর্টার্স২৪/আরকে