স্টাফ রিপোর্টার: শুরু হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয় ৪ টা ৩৯ মিনিটে।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত রয়েছেন রাজনৈতিক দলের পাশাপাশি বিদেশি কূটনৈতিকরাও।
বিএনপি থেকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
জামায়াতে ইসলামী থেকে এসেছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকেও মঞ্চে দেখা গেছে।
তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ‘সনদের আইনি ভিত্তি না থাকা’র কথা উল্লেখ করে সনদ সাক্ষর করবে না বলে জানিয়েছে।
এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েকশো বিক্ষোভকারীকে ধাওয়া ও তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া, এদিন বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়। বিকেল ৪টা ৩৯ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব