স্টাফ রিপোর্টার: ‘আজ যে সনদ স্বাক্ষর করা হলো, এটা থেকে বহু দেশ শিখতে আসবে—এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে রাখলাম।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষরের পর দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম বহু উদাহরণ আরও সৃষ্টি করতে পারবেন-সেই পথে যেন আমরা যাই। আমরা নির্বাচনের কথা বলেছি। এই সুর-যে সুর আমরা আজকে এখানে বাজালাম-সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে যাব।’
ড. ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমতের মতো আমরা যেমন সনদ করলাম, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন—কীভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া-কিন্তু লাভটা কী হলো?’
রিপোর্টার্স২৪/ধ্রুব