স্টাফ রিপোর্টার : ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে চলছে নগর ভবন ব্লকেড কর্মসূচি। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকাবাসীর গানে ও স্লোগানে উত্তাল নগর ভবন এলাকা।
আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিখ্যাত সংগীত পরিচালক ইথুন বাবু, প্রতিবাদী সংগীত শিল্পী মৌসুমি, সংগীত শিল্পী পলাশসহ একঝাঁক সংগীতাঙ্গনের মানুষ। এসময় আন্দোলনকারীদের সাথে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগানও ধরেন তারা। একই সাথে আন্দোলনকারীরাও শিল্পীদের প্রতিবাদী গান গানের তালে তালে কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।
পূর্ব ঘোষোণা অনুসারে এদিন সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টার কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করা আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়; শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; অবৈধ টালবাহানা, মানি না মানবো না-সহ নানা স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।
এর আগে গত শনিবার এবং রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।
আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
রিপোর্টার্স২৪/আরএইচ