রিপোর্টার্স২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি শিক্ষকদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবি পূরণে একমত পোষণ করেছেন। আর এই আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে মির্জা ফখরুল শিক্ষকদের আশ্বস্ত করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে। পাশাপাশি শিক্ষকদের আর্থিক দাবিগুলোও শতভাগ পূরণ করা হবে।
বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করবেন। শুধু তাই নয়, তিনি অর্থ উপদেষ্টার সঙ্গেও উক্ত বিষয় নিয়ে ফোনে কথা বলেছেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও বিএনপি কাজ করছেন বলেও জানান আজীজী।
সবশেষ তিনি বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন, এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।
উল্লেখ্য, অষ্টম দিনের মতো জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
রিপোর্টার্স২৪/আরকে