রিপোর্টার্স২৪ ডেস্ক : আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, ‘সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যে শিক্ষকদের মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মেনে নিয়ে শিক্ষকেরা পাঠদান শুরু করবে বলে আশা প্রকাশ করছি।’
রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মনেকরি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারনে তা সম্ভব হয়নি। আমাদের দিক থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিয়েছে, আশা করছি আন্দোলনরত শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যহত হচ্ছে, সে সব স্থানের শিক্ষকরা আমরা যতটুকু দিতে পেরেছি তা গ্রহণ করে যেন তারা পাঠদান শুরু করেন।’
রিপোর্টার্স২৪/আরকে