রিপোর্টার্স২৪ ডেস্ক : অক্টোবরে হালকা শীতের ছোঁয়া পাওয়ার কথা থাকলেও রাজধানী ঢাকায় বাড়ছে গরমের দাপট। সকাল থেকেই তীব্র রোদ ও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২০ অক্টোবর) সকালে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস—যা চলতি মাসের মধ্যে অন্যতম উষ্ণ দিন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং ঢাকায় এখনো কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি।
অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম