| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি ছাত্রদল নেতা হত্যার ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, প্রেমের কারণে খুন ?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৮:০৭:১৫:পূর্বাহ্ন  |  ১৩৯২৬০৮ বার পঠিত
জবি ছাত্রদল নেতা হত্যার ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা, প্রেমের কারণে খুন ?
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন খুনের ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা। তিনি ‘প্রেমঘটিত কারণে’ খুন হতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে ।

গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। 

সহপাঠী ও পুলিশের তথ্যমতে, ভবনটির একটি বাসায় জোবায়েদ উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে পড়াতেন । তাঁর মরদেহ উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বংশাল থানায় নিয়ে যায় ওই ছাত্রীকে ।

জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জোবায়েদের পরিবার বলছে, তারা গতকাল দিবাগত রাত ১২টা থেকে মামলা দায়ের চেষ্টা করছে। কিন্তু আজ সোমবার বেলা ১১টা নাগাদ মামলা করতে পারেনি।

জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত  বলেন, ‘আমরা ছাত্রীসহ ছয়জনের নামে মামলা দিতে চেয়েছি। কিন্তু বংশাল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এতজনের নামে মামলা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এতজনের নামে মামলা দিলে হালকা হয়ে যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মামলা নিতে আমরা প্রস্তুত। পরিবার যাঁদের নামে মামলা দিতে চায়, আমরা মামলা নেব। পরিবারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছি।’

বংশাল থানার পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, এক বছর ধরে তাঁকে পড়াচ্ছিলেন জোবায়েদ। তাঁকে পছন্দ করতেন ছাত্রী। এ কথা একপর্যায়ে জেনে যান তাঁর ‘বয়ফ্রেন্ড’। তখন ছাত্রী তাঁর ‘বয়ফ্রেন্ডের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এতে ‘বয়ফ্রেন্ড’ ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে ভবনটির তিনতলায় জোবায়েদকে খুন করেন। এই তরুণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি আরমানিটোলাতেই থাকেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জোবায়েদ হত্যায় আরও দু-একজন জড়িত থাকতে পারেন। কারণ, সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে পালাতে দেখা গেছে।

হত্যার ঘটনায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেছিলেন শিক্ষার্থীরা। তাঁরা বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার মোড়, জজকোর্ট, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪