| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে অগ্নিকাণ্ড : রপ্তানিকারকদের ৬ দাবি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৮:৩৪:৪২:পূর্বাহ্ন  |  ১৪১৯৫৫৪ বার পঠিত
শাহজালালে অগ্নিকাণ্ড : রপ্তানিকারকদের ৬ দাবি
ছবির ক্যাপশন: শাহজালালে অগ্নিকাণ্ড : রপ্তানিকারকদের ৬ দাবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর রপ্তানিকারকরা ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয় দফা পদক্ষেপের দাবি জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এই দাবিগুলো ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইএবি ও নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতি হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। নিরাপত্তাজনিত কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় কার্যক্রম স্থগিত করেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষতি প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা এবং বিদেশি ক্রেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

১. অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমা দাবি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

২. যেসব পণ্যের বিমা করা ছিল না, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান;

৩. ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ;

৪. ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা;

৫. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন;

৬. এবং কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তিনির্ভর করা।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর গতকাল রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪