| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১১:৩৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৪০৮৮৬৩ বার পঠিত
মুজিবনগরে নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুর এলাকার স্লুইসগেটে   এ ঘটনা ঘটে।

নিখোঁজ তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে এবং আলেয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইসগেটে গোসল করতে নামে তারা। স্থানীয়রা বিপজ্জনক পানিপ্রবাহের কারণে তাদের পানিতে নামতে নিষেধ করলেও তারা তা অমান্য করে নদীতে নামে। হঠাৎ কৌশিক পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে তানভির পানিতে ঝাঁপ দেয়। এরপর আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্থানীয়দের খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনও দুজনেরই কোনো সন্ধান মেলেনি।

মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, নদীতে পানির প্রবাহ অনেক বেশি থাকায় তারা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখনো তাদের খোঁজ পাইনি। খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে ডাকা হয়েছে; তারা পৌঁছালে উদ্ধার অভিযান পুনরায় শুরু করা হবে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে; তারা পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪