জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উন্নয়ন কমিটির উদ্যোগে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজালাল সরকার। এরই প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) রাতে পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে শাহজালাল সরকার বলেন, জননেতা তারেক রহমানের আদর্শ ও অনুপ্রেরণায় ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞা তার নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণের কাজ হাতে নিয়েছেন। "তারেক জিয়া ফ্যামিলি কার্ড প্রকল্প" বাস্তবায়নের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে এলাকার গরিব, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই উদ্যোগকে বাধা দিচ্ছে একটি কুচক্রী মহল। তারা আমাদের কর্মকাণ্ডে বাধা দিয়েই থেমে থাকেনি, আমার জীবননাশের হুমকিসহ ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি "ধানের শীষ মানে উন্নয়নের প্রতীক, জনতার আশা।” এই বিশ্বাস থেকেই আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি এবং ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। কোনো ভয়ভীতি, হুমকি বা লুটপাট আমাদেরকে উদ্যোগকে থামাতে পারবে না বলেও জানান তিনি।
উক্ত জনসেবামূলক কাজে বাধা সৃষ্টি কারীদের দ্রুত আইনের আওতায় আনাসহ ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে শাহজালাল সরকার বলেন, আসুন সবাই মিলে বলি ধানের শীষ উন্নয়নের প্রতীক, তারেক রহমানের নেতৃত্বেই হবে গনতন্ত্রের মুক্তি।
রিপোর্টার্স২৪/আরকে