| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৪:৩৬:৫৯:অপরাহ্ন  |  ১৩৮৬৭২২ বার পঠিত
চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায়  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: চট্টগ্রামে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত–পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কারা খুন করেছে, নাকি আত্মহত্যা, তা বলতে পারেনি না নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

পুলিশ জানায়,বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তাঁর মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, সাগরতীরে কাশবনের ভেতরে হাত–পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামীম। রাতে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। 

প্রথমে হালিশহর থানা–পুলিশ শামীমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিবাগত রাত দুইটার দিকে শামীমের লাশ শনাক্ত করেন পরিবারের লোকজন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান  বলেন, দুপুরে তাঁর মুঠোফোনে একটি কল এসেছিল। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে মুঠোফোন বাসায় রেখে গিয়েছিলেন। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছেন, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিবারও স্পষ্ট করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪