বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (২০ অক্টোবর) শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন।
উৎসবে মেতে উঠেছে চিতলমারী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে সাজানো হয়েছে বর্ণিল আলো-সজ্জায়। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে দেবী শ্যামার পূজা ও দীপ প্রজ্বালনের আয়োজন। সর্বত্র বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ।
এদিকে, পূজা ও উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপগুলোতে।
জেলার বিভিন্ন উপজেলাতেও শ্যামাপূজা উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। পূজার নানা আয়োজনে ভক্তরা শ্যামা মায়ের কাছে শান্তি, শক্তি ও সমৃদ্ধি কামনা করছেন।
চিতলমারী কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বাদল সাহা বলেন, প্রায় ৩৫ বছর ধরেই আমাদের এই মন্দিরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শ্যামা পূজা উদযাপিত হয়ে আসছে। এটি বাগেরহাট জেলার সর্ববৃহৎ পূজার আয়োজন হিসেবে পরিচিত। প্রতি বছর হাজারো ভক্ত-দর্শনার্থী এখানে আসেন। আমাদের কাছে এটি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলারও প্রতীক এ বছর পূজা উপলক্ষে পাঁচ দিনের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে আমরা পূজার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি, সবার অংশগ্রহণে এবারের শ্যামাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
চিতলমারী থানা অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ মন্দির ও পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ