অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের জলাবদ্ধ এলাকা বাদে অধিকাংশ জমিতে আমন ধানের চাষ হয়েছে। সেই ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা।
অনুকূল আবহাওয়ার কারণে ধান কাটা, মাড়াই ও শুকাতে সুবিধা হচ্ছে বলে জানান কৃষকেরা। তবে উপজেলার কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণের কারণে ধানের ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।
সড়কের পাশে নিজের জমিতে ধান কাটছিলেন উপজেলার দেওয়াপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম। তিনি বলেন, “আমি ১ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, এ বছর ফলন ভালো হয়েছে। আশা করছি ২২ থেকে ২৫ মণ ধান পাব।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর অভয়নগরে ৬ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। জলাবদ্ধতার কারণে ১ হাজার ৪০৬ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হয়নি। আবাদকৃত জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯ হাজার ৯৬২ মেট্রিক টন।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “অনুকূল আবহাওয়ার কারণে এবার ধানের ফলন ভালো হয়েছে। অল্প কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণ হয়েছিল। পোকার হাত থেকে ফসল রক্ষায় আমরা নিয়মিতভাবে দলগত বৈঠক করে কৃষকদের পরামর্শ দিয়েছি। পোকা দমনে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কারিগরি সহায়তা দিয়েছেন।”
রিপোর্টার্স২৪/এসএন