বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসিআই ও আরএসসি নামে দুটি এনজিও সংস্থার যৌথ আয়োজনে এবং মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুলফিকার হায়দার এবং পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. শাহাদজাদা প্রমুখ।
আরএসসির প্রোগ্রাম ম্যানেজার রোমেল নাসের জানান, ২০০৭ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অক্ষম মানুষদের চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আজকের এ ক্যাম্পে ৮০৫ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৮৩ জন ছানি রোগী এবং ৩৬৬ জনকে চশমার জন্য শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন